Showing posts with label premer kobita. Show all posts
Showing posts with label premer kobita. Show all posts

Monday, October 3, 2011

আমি জানি

                                                     নির্ঝর চক্রবর্তী
কুয়াশার চাদর গায়ে রজনীগন্ধা তখন সবে ঘুমাতে যাচ্ছে,
বাবুই-এর বাসায় জোনাকির আলো সদ্য জ্বলেছে,
উত্তরের হালকা হাওয়ায় ফার্ণের পাতাগুলো মৃদু দুলছে....
আর তখনই
মেঘের পর্দাটাকে আলতো ছোঁয়ায় সরিয়ে দিয়ে
তুমি ঘোষণা করেছিলে তোমার আগমনী, চাঁদের রথে চেপে
আজ সন্ধ্যায় I
স্নিগ্ধ আলোর ঢেউ-এ ভেসে গিয়েছিল প্রাচীন চাবাগান I
পৃথিবীর বুকে নেমে এসেছিলে তুমি, প্রানের জোয়ার নিয়ে I
তোমার হাসিটা ছিল বড়ই চঞ্চল - পাহাড়ি ঝরনার মতই লাগামহীন I
তোমার নি:শ্বাসের প্রতিটি বায়ুকনা
শিউলি ফুল হয়ে ঝরে পড়ছিল আলোঝরা সন্ধ্যায়;
আমি সেগুলো তোমায় কুড়িয়ে দিয়েছিলাম -
তুমি সেই ফুল দিয়ে মালা গেঁথে আমায় ফিরিয়ে দিয়েছিলে;
তারপর ফিরে গিয়েছিলে দূরে, অনেক দূরে-
যেখানে তোমাকে শুধু দেখা যায়, ছোঁয়া যায় না-
অনুভব করা যায়, প্রকাশ করা যায় না I
ফিরে যাবার সময় তোমার হাসিটা আরো পবিত্র দেখাচ্ছিল-
সাদা গোলাপের মতই পবিত্র - গভীর I
কিন্তু আমি তোমার চোখের এককোনে জলের বিন্দু দেখেছিলাম,
সবাই ভেবেছিল মুক্তকনা,
কিন্তু আমি জানতাম ঐ জলকণা তোমার মতই পবিত্র, স্বচ্ছ I
আমি জানি ঐ জলের বিন্দুই কাল শিশির হয়ে ঝরে পড়বে
সবুজ ঘাসের ওপর I
ঐ জলকণাগুলোই একটা একটা করে জমে, একদিন মেঘ হবে,
তারপর বৃষ্টি হয়ে ভিজিয়ে দেবে আমাকে I
তুমি আবার পৃথিবীতে নেমে আসবে
-- আমার সাথে গল্প করতে I
আমি জানি, তুমি একদিন ফিরে আসবেই
-- আমার কাছে,
কারণ, আমি যে তোমার চোখের কোণে জলের বিন্দুটা পরিস্কার দেখেছিলাম I