Showing posts with label bangla kobita. Show all posts
Showing posts with label bangla kobita. Show all posts

Monday, October 13, 2014

বর্ণহীন

কোনো এক রঙিন বন্ধু একবার বলেছিল
আমার জীবন অর্ধেক অতীত ও অর্ধেক ভবিষ্যত,
তাই আমি এক বর্ণহীন ক্যানভাস, এক বর্তমানহীন ধূসর মানুষ I 

এ এক মজার জিনিস,
বর্ণপ্রেমীদের বর্ণহীণতার প্রতি লাগামহীন অনীহা I 

অনেক ছোটবেলায় হাজারদুয়ারীর মাঠে খেলতে খেলতে 
হঠাত্ বৃষ্টি নেমেছিল বিকেলবেলায় I 
ভিজিয়ে দেওয়া বৃষ্টির পর 
আকাশজোড়া এক রামধনু উঠেছিল I 
দেখলে চোখ জুড়িয়ে যায় I 
এত রঙের সমাহার দেখে আনন্দে 
রং তুলি নিয়ে বসে গিয়েছিলাম I 
সব রং মিলিয়ে তৈরী করতে চেয়েছিলাম 
আমার স্বপ্নের রঙিন ক্যানভাস I 
কিন্তু সব রং মিলিয়ে থমকে গিয়েছিলাম কিছুক্ষণ I 
হারিয়ে গিয়েছিল আমার সব রং 
এক অদ্ভূত বর্ণহীনতায় I 
আমার ভালোলাগার বর্ণহীনতা,
আমার ভালবাসার বর্ণহীনতা,
আমার বর্তমানহীন জীবনের বর্ণমালা,
যার নাম বর্ণহীনতা I 

Friday, August 12, 2011

বকগুলো কতদিন উড়বে ?

মাউন্ট এরেবুস আগ্নেয়গিরির
নিঃসৃত লাভার উত্তাপে
রস কমপ্লেক্সের হিমশৈল গলে যায় I
আডেলি পেঙ্গুইন রুকারি থেকে বেরিয়ে আসে I
স্টেশনের ধারে বহুদিনের মৃত গরুর কঙ্কাল
নড়ে ওঠে;
ভোরবেলা উলঙ্গ শিশুটি মাকে খোঁজে;
শকুনি তার বাচ্চাকে খাওয়ায়;
সাদা বকগুলো হলুদ রোদ মেখে
দল বেঁধে উড়ে যায় ---

বকগুলো কতদিন উড়বে ? ছেলেটি
মন দিয়ে ইতিহাস বই পড়ে ---
সিন্ধু সভ্যতা থেকে আফগানিস্তানে
তালিবান শাসন I বউটি ঘোমটা দিয়ে
দাওয়ায় বসে রান্না করে
---উচ্ছে ভাজা আর মোচার ঘন্ট I
রাত বারোটা, চৌমহনী বর্ডারে
চোরাব্যবসা জমে ওঠে,
পূর্নিমা চাঁদ, কোমল জ্যোত্স্না I

উড়ন্ত বকগুলোকে তবুও
হলুদ দেখায় কেন ?
ওরা কি সাদা হয়ে
আবার পৃথিবীতে ফিরে আসবে না ?
বকগুলো কতদিন উড়বে ?